রাজধানীর হাজারীবাগ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম-১। মোঃ আসিফ (২৫)।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক ০৭:৪৫ ঘটিকায় ভুক্তভোগী সৈয়দ রাফসান (১৮) তার চাচা সৈয়দ আহমেদ জিদানের সঙ্গে নিউ মার্কেট থেকে জিগাতলা কাঁচাবাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে দুই ছিনতাইকারী তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় ছিনতাইকারী আসিফকে আটক করা হয় এবং অপর ছিনতাইকারী মোঃ রাব্বি পালিয়ে যায়। সংবাদ পেয়ে হাজারীবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতারকৃতকে হেফাজতে নেয়। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পলাতক আসামিকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া অপর মোবাইল ফোন উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





