“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” – এ স্লোগানে উজ্জীবিত হয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২১ উপলক্ষে ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ অক্টোবর ২০২১ (শুক্রবার) সকাল ১০ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা স্টাফ কোয়ার্টার, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাতুয়াইল ও ঢাকা-নারায়ণগঞ্জের ঈগলবক্স এলাকায় ব্যাপক প্রচারণা, পথসভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাইদুল ইসলাম, পিপিএম এর সার্বিক নির্দেশনা মোতাবেক ট্রাফিক-ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা’র তত্ত্বাবধানে টিআইবৃন্দ, সার্জেন্টবৃন্দ ও সঙ্গীয় পুলিশ সদস্যদের উপস্থিতিতে কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

উক্ত সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা রোধে পরিবহনের মালিক, চালক ও প্রতিনিধিদের সড়ক পরিবহন আইন – ২০১৮ মেনে চলার আহবান জানানো হয়। একইসাথে সাধারণ যাত্রী ও পদচারীদের সাথে মতবিনিময় এবং তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি গতিসীমা মেনে চলা, ওভারটেকিং না করা, ফুটওভার ব্রিজ ব্যবহার, উলটো পথে চলাচল না করা, চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, উচ্চ শব্দে হর্ন না বাজানো, Road Safety Engineering (RSE) ইত্যাদি বিষয়ে মতবিনিময় করা হয়।





