‘টেকসই উন্নয়ন ও স্বাস্থসম্মত স্যানিটেশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর- ২০১৮’। সারাদেশে মাসব্যাপী সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে শতভাগ স্বাস্থসম্মত স্যানিটেশন অর্জনের লক্ষে ২০৩০ সালের মধ্যে সকলের জন্য নিরাপদ পানি ও স্বাস্থসম্মত স্যানিটেশন লক্ষমাত্রা পূরণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
বুধবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে “জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮” এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এদোয়ার্ড বেইবেডার, ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডা. মোঃ খাইরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, স্যানিটেশন সেক্রিটারেয়েটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম মোক্তাদির ‘টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ও স্যানিটেশন’ বিষয়ক অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে ড. জাফর আহমেদ খান বলেন, বাংলাদেশ উন্মুক্ত স্থানে মলত্যাগের হার প্রায় শূণ্য শতাংশে নামিয়ে আনার ক্ষেত্রে যে অভাবনীয় সফলতা দেখিয়েছে তা অন্যান্য উন্নয়নশীল দেশসমূহ দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করেছে। শতভাগ স্বাস্থ সম্মত স্যানিটেশন অর্জনের মাধ্যমে আমাদের এ সফলতাকে টেকসই করতে হবে। ২০৩০ সালের মধ্যে সকলের জন্য নিরাপদ পানি ও স্বাস্থসম্মত স্যানিটেশন লক্ষমাত্রা পূরণে সরকার বদ্ধপরিকর। ২০০৩ সাল থেকে স্থানীয় সরকার বিভাগ অক্টোবর মাস কে জাতীয় স্যানিটেশন মাস হিসেবে পালন করার কারনে স্বাস্থসম্মত টয়লেট ব্যবহারে মানুষ উদ্বুদ্ধ হয়েছে। দেশব্যাপী স্যানিটেশন কার্যক্রমকে বেগবান করতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্যানিটেশন টাস্কফোর্স গঠন করে দেয়া হয়েছে এবং টাস্কফোর্স সমূহ অত্যন্ত সফলতার সাথে কাজ করছে বলে তিনি অবহিত করেন।





