জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধান পেতে সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাভার মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার (১১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকাল ৩টা ৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠেন মোহাইমিনুল। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তার বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৪১, তারিখ: ১১/১০/২০২৬ খ্রিঃ)) করেছে।
নিখোঁজ মোহাইমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে থাকতেন। তার স্থায়ী ঠিকানা জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরা এলাকায়।
নিখোঁজ মোহাইমিনুল ইসলামের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সাভার থানার ডিউটি অফিসার (০১৩২০-০৮৯৩৮২) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শহিদুজ্জামান (০১৭২৩-৭১০৬০১) নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।





