বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তিকে ঘিরে এক বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ উপলক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টেস্ট বিনামূল্যে উপভোগের সুযোগ পাচ্ছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিসিবির সিলেট অঞ্চলের পরিচালক রাহাত শামস বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রী, শিক্ষক ও খেলোয়াড়দের জন্যই এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।”
প্রবেশের জন্য প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র সঙ্গে আনলেই যথেষ্ট। স্টেডিয়ামে ঢোকার জন্য নির্ধারিত গেট নম্বর ২, আর গ্যালারিতে প্রবেশের পথ গেট ৫ থেকে ৯ পর্যন্ত। দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থাও করেছে বিসিবি। তবে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, বোতল বা বাইরে থেকে আনা খাবার সঙ্গে নেওয়া যাবে না।
সাধারণ দর্শকদের জন্যও রয়েছে সাশ্রয়ী মূল্যের টিকিট। পাঁচ শ্রেণির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে— গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ড ৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউস ২৫০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা।
দুই দলের ক্রিকেটাররা ইতোমধ্যেই সিলেটে অবস্থান করছেন। ৬ নভেম্বর পৌঁছানোর পর ৮ নভেম্বর থেকে শুরু হয় তাদের অনুশীলন। ৯ নভেম্বর কিনব্রিজের ঐতিহাসিক পাড়ে টেস্ট ট্রফি উন্মোচন করা হয়, যা সিলেটবাসীর জন্য ছিল এক উৎসবমুখর মুহূর্ত।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন,
“টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে আমাদের লক্ষ্য আরও বেশি ম্যাচ জেতা। সাদা পোশাকে আমরা কম খেলি, তাই প্রতিটা ম্যাচকেই আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি।”যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তবুও শান্ত চান নতুন অধ্যায়ের শুরুটা হোক জয়ে। তিনি যোগ করেন,
“আয়ারল্যান্ড দল বেশ প্রতিযোগিতামূলক। আমাদের জন্য এটা সহজ নয়, তবে আমরা প্রস্তুত।”
সিলেটের উইকেট সম্পর্কে শান্তর আশা, “সব সময়ের মতো এবারও উইকেট স্পোর্টিং হবে। ব্যাটারদের কাছ থেকে বড় রান চাই।”
এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকার মিরপুরে, ১৯ নভেম্বর থেকে। ঐ ম্যাচে অংশ নিলে বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। অধিনায়ক শান্ত বলেন,
“এটা আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। আমি চাই দুই ম্যাচই সবাই মিলে উপভোগ করতে। বিশেষ করে মুশফিক ভাইয়ের শততম টেস্টটাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই।”
তথ্যসূত্র- বাসস (অনলাইন পোর্টাল)





