আইপিএল শেষ হতে বাকি মাত্র একদিন ৷ রবিবারের ওয়াংখেড়েতে চেন্নাই ও সানরাইজের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে একাদশ আইপিএল । কার হাতে উঠবে ট্রফি ? আইপিএলের শেষ দিনের জন্য অপেক্ষা করলেন না ক্রিকেটের বরপুত্র সচিন ৷ নাইট বনাম সানরাইজার্সের সেমিফাইনাল শেষে তাঁর চোখে সেরা স্পিনারের নাম ঘোষণা করে দিলেন ৷ তিনি রশিদ খান ৷
শুক্রবার ইডেনের বাইশ গজে নাইটদের হুল ফুটিয়েছেন ৷ প্রথমবার ব্যাটিং ঝড় তুলে ৷ দ্বিতীয়বার বোলিং দাপট দেখিয়ে ৷ তাঁর ঝোড়ো ইনিংসের সুবাদেই ১৩৪ থেকে ১৭৪ রানে থামে সানরাইজার্স ৷ ১০ বলে রশিদের ৩৪ রানের ইনিংস সাজানো চারটি ছয় আর দুটি চার দিয়ে ৷ সঙ্গে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান খরচ করে শিকারের তালিকায় লিন, রাসেল, উথাপ্পা৷ দিনের সেরা বোলিং স্পেল, সেটাও তাঁরই ঝুলিতেই ৷
এই দাপট একবার নয়, বারবার ৷ এর আগেও লো স্কোরিং ম্যাচে উইকেট তুলে নিয়ে একাধিকবার ম্যাচের সেরা হয়েছেন আফগান বোলিং সেনসেশন ৷ চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয় বার তিন উইকেট পেলেন বছর উনিশের ভবিষ্যৎ তারকা ৷ এগারোর আইপিএলে ১৬ ম্যাচে ঝুলিতে ২১ উইকেট৷ দু’বছরের আইপিএল কেরিয়ারের ৩০ ম্যাচে সংগ্রহ ৩৮ উইকেট৷ দু’বারই সেরা স্পেল ১৯/৩৷ টি-টোয়েন্টিতে এমন চোখ ধাঁধানোর পারফরম্যান্সের জেরে সচিনের প্রশংসা পেয়েছেন রশিদ৷
শুক্রবারের ম্যাচ শেষে টুইটে সচিন লিখেছেন, ‘রশিদকে ভালো স্পিনার মানি, কিন্তু একটা দ্বিধা কাজ করত, ও সেরা কিনা! এখন আর সেটা নেই৷ নিসন্দেহে টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদই এখন বিশ্বের সেরা স্পিনার৷ বোলিংয়ের সঙ্গে ওর ব্যাটিং ধামাকারও ঝলক দেখা যায়৷ সেটা বাড়তি পাওনা৷’




