চলতি বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০টি দল অংশ নিবে বিশ্বকাপে। যার মধ্যে আট দলের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে। বাছাই পর্ব থেকে মূল টুর্নামেন্টে জায়গা করে নিবে দুটি দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব আজ শুরু হচ্ছে। নেদারল্যান্ডসের মাটিতে অনুষ্ঠেয় বাছাই পর্বে খেলবে আটটি দল। আজ টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
এশিয়া কাপ জয়ের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে বাংলাদেশের প্রস্তুতি ভালোই হয়েছে। এছাড়া বাছাই পর্বের মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচেও স্কটল্যান্ডকে হারিয়েছে সালমা খাতুনের দল। বাছাই পর্বে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আজ পাপুয়া নিউগিনি।
বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে ৮ জুলাই স্বাগতিক নেদারল্যান্ডস, ১০ জুলাই আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে সালমাবাহিনী। গ্রুপের লড়াই শেষে সেরা চার দল নিয়ে সেমি-ফাইনাল ও ৮ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছিল সালমা-রুমানারা। টুর্নামেন্টের অন্য দলগুলো বিবেচনায় এশিয়া কাপ জয়ী বাংলাদেশের ফাইনাল খেলাই সবার কাছে প্রত্যাশিত।



