ডিএমপি নিউজঃ ঈদ- উল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে সায়েদাবাদ বাস টার্মিনালে বুধবার (১৪ জুলাই, ২০২১) দুপুর ১২:০০ টায় পরিবহন মালিক শ্রমিক সংগঠন এবং ট্রাফিক-ওয়ারী বিভাগের কর্মকর্তাগণের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ারী বিভাগ) মোঃ সাইদুল ইসলাম, পিপিএম। উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক-ওয়ারী গোবিন্দ চন্দ্র পাল, এসি ট্রাফিক-যাত্রাবাড়ীসহ ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় পরিবহন মালিক শ্রমিক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন আবুল কালাম, আহবায়ক, পরিবহন মালিক সমিতি, আজমল উদ্দিন আহমেদ সবুর, সভাপতি সায়েদাবাদ আন্তঃ জেলা বাস মালিক সমিতি এবং সায়েদাবাদ বাস টার্মিনালের বাস চালক, হেলপারসহ শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ মতবিনিময় সভার প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ারী বিভাগ) মোঃ সাইদুল ইসলাম, পিপিএম তাঁর বক্তব্যে পরিবহন মালিক শ্রমিক সংগঠন, সায়েদাবাদ বাস টার্মিনালের বাস চালক, হেলপারসহ শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন- ট্রাফিক পুলিশ এবং পরিবহন মালিকদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। গঠিত কমিটি সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে যাবার পূর্বেই বাসের প্রয়োজনীয় কাগজপত্র, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, নির্ধারিত সংখ্যক যাত্রী এবং ভাড়া আদায়ের বিষয় নিশ্চিত করবে। এরপর বাস টার্মিনাল থেকে বাস বের হতে দেবে। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চেকিং এর পরে গুরুতর ট্রাফিক রুলস ভংগ না করলে আর কোন গাড়ি চেক করা হবে না। এতে যানজট কমে যাবে এবং যাত্রী সাধারণের অযথা সময়ক্ষেপন বন্ধ হবে।
পাশাপাশি সায়েদাবাদ টার্মিনাল এলাকার বিভিন্ন পরিবহনের কাউন্টারে নিয়মিতভাবে যাত্রী সেবা, স্বাস্থ্য সুরক্ষা এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশের একটি মোবাইল টিম কাজ করবে বলে তিনি জানান।

এসময় সায়েদাবাদ টার্মিনাল এলাকায় দায়িত্ব পালনকারী ট্রাফিক কমিউনিটি পুলিশ সদস্যদেরকে জ্যাকেট এবং ছাতা প্রদান করেন ডিসি ট্রাফিক-ওয়ারী।
মতবিনিময় সভা শেষে দীর্ঘদিন বন্ধ থাকা পরিবহনগুলো পরিস্কার পরিচ্ছন্ন এবং জীবানুমুক্ত কার্যক্রম পরিদর্শন করা হয়।




