রাজধানীর কলেজ গেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম- ১। রানা (২৮)।
ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল আনুমানিক ১১:০৫ ঘটিকায় কলেজ গেট সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট দায়িত্বরত ছিলেন। এ সময় দুইজন ভদ্র মহিলা ছিনতাইকারীর কবলে পড়ে চিৎকার শুরু করলে ট্রাফিক সার্জেন্ট দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং সঙ্গীয় কনস্টেবল এবং স্থানীয় জনতার সহযোগিতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে ছিনতাইকৃত ১০ হাজার ৫০২ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে উদ্ধারকৃত টাকা ও মোবাইলসহ শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।





