রাজধানীর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাফিক পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে এক পুলিশ সার্জেন্টকে ধাক্কা দিয়ে পালানোর সময় ট্রাকসহ চালককে গ্রেফতার করেছে ডিএমপির ট্রাফিক যাত্রাবাড়ী জোন।
গ্রেফতারকৃত চালকের নাম মোঃ রাশেদ ইসলাম (২৭)।
ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে ঢাকা থেকে মাওয়াগামী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। এ সময় চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে ট্রাকের ধাক্কায় এক পুলিশ সার্জেন্ট গুরুতর আহত হন।
পরে পোস্তগোলা ব্রিজের ওপর দায়িত্বরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাকটি চালকসহ আটক করা হয়। গাড়ির কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ। আহত সার্জেন্টকে প্রাথমিক চিকিৎসা শেষে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তার ব্যবহৃত সরকারি পজ মেশিনটিও নষ্ট হয়ে যায়।
পরবর্তী সময়ে ট্রাকটি ডাম্পিংয়ে পাঠানো হয় এবং গ্রেফতারকৃত চালককে শ্যামপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় শ্যামপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।





