রাজধানীর কদমতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মেরাজ ওরফে স্বপন (২৯) ২। মোঃ ছাব্বির হাওলাদার (২৩) ও ৩। মোঃ হৃদয় ওরফে দুলু (২৪)।
সোমবার (১৬ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ২:০৫ ঘটিকায় কদমতলী থানাধীন পূর্ব ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি ছোরা ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

ছবি: ছোরা ও সুইচ গিয়ার চাকু
কদমতলী থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে থানার একটি টহল টিম ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ডাকাত দলের কতিপয় সদস্য পূর্ব ধোলাইপাড় এলাকার একটি বাখরখানী দোকানের সামনে ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মেরাজ, ছাব্বির ও হৃদয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা ৬/৭ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে কদমতলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা কদমতলী থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যানদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।




