ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির আন্তঃবিভাগীয় ভলিবল প্রতিযোগিতা-২০২৬ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা সমাপ্ত হয়।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ০৪ :০০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ শিরু মিয়া মিলনায়তন সংলগ্ন ভলিবল মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
তীব্র উত্তেজনাপূর্ণ এই ফাইনালে ট্রাফিক বিভাগ কল্যাণ ও ফোর্স বিভাগকে ৩-০ সেটে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে। খেলায় দুই দলের খেলোয়াড়রা অসাধারণ দক্ষতা ও উদ্দীপনা প্রদর্শন করেন যা দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে পিওএম-পূর্ব বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা দেহ ও মন সুস্থ রাখে, কর্ম উদ্দীপনা বাড়ায় এবং রোগ-ব্যাধি থেকে দূরে রাখে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের নৈপুণ্য ও দলগত চেতনার প্রশংসা করে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে অভিনন্দন জানান এবং প্রত্যেক দলকে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশাদারভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।
ডিএমপি কমিশনার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোযারদের হাতে ট্রফি তুলে দেন।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স), ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোছাঃ ফরিদা ইয়াসমিন, বিপিএম-সেবা, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই বিভাগ) মোঃ আবু সাইম ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




