ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সুসমন্বিত ও কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ৩:০০ ঘটিকায় রাজধানীর স্বামীবাগস্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দির থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়।

ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, উৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শোভাযাত্রার পুরো রুট ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একই সাথে ডিএমপির ট্রাফিক বিভাগ ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের কঠোর নজরদারির মাধ্যমে পুরো এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
শোভাযাত্রাটি স্বামীবাগ ইসকন মন্দির থেকে বের হয়ে জয়কালি মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।





