সারা দেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার ঢাকা মহানগরীতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি পরীক্ষার্থীদের সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগ কর্তৃক যানজট নিরসন, অভিভাবকদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক মতিঝিল বিভাগের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের জন্য মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্যান্ডেল স্হাপনের মাধ্যমে বসার ব্যবস্থা এবং গাড়ি পার্কিং এর সুষ্ঠু ব্যবস্থা করা হয়েছে। যানবাহন পার্কিংয়ের জন্য নেওয়া হয়েছে সুপরিকল্পিত পদক্ষেপ, যাতে অভিভাবকদের ভোগান্তি কমে।
এই পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকগণের মাঝে থাকে আবেগ, উৎকণ্ঠা। কেন্দ্রে ঠিকমতো পৌঁছানো নিয়ে থাকে দুশ্চিন্তা। রাজধানীতে ডিএমপির ট্রাফিক বিভাগ শিক্ষার্থী ও অভিভাবকদের এই দুশ্চিন্তা দূর করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যানচলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পরীক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে সহায়তা করা হচ্ছে এবং বিভিন্ন সড়কে ডাইভারশন দিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।




