ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার ২০৮ জন পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে ডিএমপি কল্যাণ তহবিল ও ট্রাফিক কল্যাণ তহবিল থেকে মোট ১ কোটি ২২ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় ডিএমপি সদর দপ্তরের তৃতীয় তলার সম্মেলন কক্ষে ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৮১তম এবং ট্রাফিক কল্যাণ তহবিলের ৩১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা ।
সভায় পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন আবেদন পর্যালোচনা শেষে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।

বরাদ্দকৃত অর্থের মধ্যে ডিএমপি কল্যাণ তহবিল থেকে ৮০ লাখ ৬৫ হাজার টাকা এবং ট্রাফিক কল্যাণ তহবিল থেকে ৪১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।
পুলিশ সদস্যদের কল্যাণ ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ডিএমপি নিয়মিতভাবে কল্যাণ তহবিলের মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এ সভায় ২০৮ জন পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অনুকূলে উল্লিখিত অর্থ বরাদ্দ দেওয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





