ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর সায়েদাবাদ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে ২১টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সায়েদাবাদ বাস টার্মিনাল এর ভিতরে থাকা অবৈধ ২১টি দোকান ও স্থাপনা বুলডোজারের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান পরিচালনাকালে কোন আর্থিক জরিমানা ও গ্রেফতার করা হয়নি।
এছাড়া সোমবার সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত রাজধানীর টিকাটুলি থেকে হাটখোলা এলাকায় অবৈধ দোকানপাট ও বাস কাউন্টারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ। এ অভিযানে উক্ত এলাকায় অবৈধ দোকানপাট সরিয়ে ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে এবং অবৈধ বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।




