ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা এর নেতৃত্বে ডিএমপি’র ট্রাফিক বিভাগের ১২ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গত ১২-১৮ জুলাই ২০২৫ তারিখে জাপানের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন পরিদর্শন করেন। জাইকার অর্থায়নে পরিচালিত ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) প্রকল্পের আওতায় এই সফর সম্পন্ন হয়।

পরিদর্শনকালে প্রতিনিধি দল জাপানের ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং টোকিওর গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনের ট্রাফিক ব্যবস্থা প্রত্যক্ষ করেন। তোশেন এলিমেন্টারি স্কুলে শিমোয়া পুলিশ কর্মকর্তাদের দ্বারা পরিচালিত ট্রাফিক নিরাপত্তা ও রাস্তা পারাপারের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করা হয়। এই কার্যক্রমে শিশুদের জন্য অভিনয়, কার্টুন, এবং মক ট্রাফিক সিগন্যালের মাধ্যমে ট্রাফিক নিয়ম শেখানো হয়, যা জাপানের ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতির অন্যতম ভিত্তি।
প্রতিনিধি দল সুসুমিডোরি চিলড্রেন ট্রাফিক পার্ক পরিদর্শন করেন, যেখানে শিশুদের জন্য সাইকেল ও তিন চাকার পায়ে চালিত গাড়ির মাধ্যমে ট্রাফিক নিয়ম শেখানো হয়। পার্কটিতে বাস্তব রাস্তার মতো ইন্টারসেকশন, জেব্রা ক্রসিং, এবং সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। এলিভেটেড হাইওয়ের নিচে নির্মিত এই পার্কটি জায়গার সর্বোচ্চ সদ্ব্যবহারের উদাহরণ।
চিবা পুলিশ প্রিফেকচারের ট্রাফিক কন্ট্রোল সেন্টার পরিদর্শন প্রতিনিধি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল। এই কেন্দ্রে বড় মনিটরের মাধ্যমে শহরের ট্রাফিক পরিস্থিতি লাল, হলুদ, এবং নীল রঙে প্রদর্শিত হয়, এবং যানবাহনের চাপ অনুযায়ী সিগন্যাল নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া, একটি এফএম রেডিও বুথের মাধ্যমে জনসাধারণকে ট্রাফিক সংক্রান্ত তথ্য প্রদান করা হয়।

প্রতিনিধি দল টোকিও মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের প্রধান মি. সিনিচি কুসাকার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্মারক প্রদান করেন। মি. কুসাকা দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার গুরুত্বের উপর জোর দেন। এছাড়া, হোন্ডা রেইনবো মোটর স্কুল পরিদর্শনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইসেন্সিং প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। কর্মকর্তারা ড্রাইভিং সিমুলেটরে বাস্তবধর্মী অভিজ্ঞতা অর্জন করেন। আসাকা শহরের মেয়র মি. মাসাও মাতসুসিতার সাথে সাক্ষাতে শহরের সড়ক নিরাপত্তা শিক্ষা উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
জাইকা হেডকোয়াটার্সে ডিএমপি কর্মকর্তারা জাইকার সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং সড়ক নিরাপত্তায় ডিএমপির সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
ডিএমপি কর্মকর্তারা জাপানের ট্রাফিক ব্যবস্থাপনা, শিক্ষা কার্যক্রম, এবং প্রযুক্তিগত উদ্ভাবন থেকে অর্জিত অভিজ্ঞতা ও আইডিয়া ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





