ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ এর ৬ষ্ঠ যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন ২০২৫ খ্রি.) অতিরিক্ত পুলিশ কমিশনার এবং প্রোজেক্ট ডিরেক্ট্রর মোঃ সরওয়ার, বিপিএম-সেবা এর সভাপতিত্বে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং প্রোজেক্ট ডিরেক্ট্রর মোঃ সরওয়ার, বিপিএম-সেবা। এরপর জাইকা, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ডিআরএসপির প্রজেক্ট ফর্মুলেশন এডভাইজার শোকো সাকোমা (Ms. Shoko Sakuma).
সভায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন অ্যন্ড রিসার্চ) মোঃ মেহেদী হাসান, ডিএমপির সিনিয়র সিস্টেম এনালিস্ট শারমিন আফরোজ ও ডিআরএসপির প্রজেক্ট লিডার ইয়োশিহিসা আসাদা (Mr. Yoshihisa ASADA) ডিআরএসপির গত ছয় মাসের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় উপস্থাপিত ডিআরএসপির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে- প্র্যক্টিক্যাল পার্টিসিপেশন এডুকেশন প্রোগ্রাম (PPEP) এর অধীনে চারটি প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ToT) কোর্সের আওতায় ডিএমপির ৬০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান, আটটি ট্রাফিক বিভাগের আওতাধীন এলাকায় মোট ৪১টি স্কুলে পিপিইপি বাস্তবায়ন , ডিআরএসপির আওতায় ডিএমপি সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে । তাছাড়াও ডিআরএসপির আওতায় ট্রাফিক দুর্ঘটনা প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুর্ঘটনার প্রতিবেদন সংগ্রহ এবং বিশ্লেষণ করার জন্য “ডাটাবেস অ্যান্ড অ্যানালাইসিস অফ রোড ক্র্যাশ (DARC)” অ্যাপ চালু করে এবং তথ্য সংগ্রহের জন্য “রেসপন্ডিং অফিসার অবজারভেশন ফর্ম (ROOF)” চালু করা হয়েছে। পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থায় জনগণের সম্পৃক্ততাকে উৎসাহিত করার লক্ষ্যে মিরপুর এলাকায় নিরাপদ পথচারি পারাপারের পাইলট প্রকল্প সম্পন্ন করা হয়েছে। আরেকটি পাইলট প্রোজেক্ট “ ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার (টিএসইসি)”। এর মূল লক্ষ্য হলো প্রশিক্ষণ কর্মসূচী ও সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে ট্রাফিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ডিআরএসপির আওতায় ইতোমধ্যে জাপানে দুটি এবং ভারতের হায়দ্রাবাদে একটি প্রশিক্ষণ সেশনে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ৪২ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আগামী মাসে জাইকার আমন্ত্রনে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগন জাপানে যাবেন। তাছাড়া ইতোমধ্যে ঢাকার সড়ক নিরাপত্তার প্রচারের জন্য সাংবাদিকদের জন্য একটি মিডিয়া ফেলোশিপ প্রোগ্রাম করা হয়েছে ।

সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জাইকার কর্মকর্তাগণ, জাইকার এক্সপার্ট টিম, বিআরটিএ, ডিটিসিএ, ডিএসসিসির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত কমিটির সদস্যবৃন্দ ডিআরএসপির বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন।
প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক “ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)” ঢাকা মহানগর এলাকায় ২০২২ সালের মার্চ থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আউটপুটসমূহ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় কমিটি (জেসিসি) গঠন করা হয়েছে। ইতোমধ্যে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ এর পাঁচটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।




