অদ্য বুধবার (২৭ আগস্ট ২০২৫) দুপুর অনুমান ১:০০ ঘটিকায় রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় দখল করে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা সমাবেশ করতে থাকে। জনসাধারনের চলাচলকে স্বাভাবিক করতে শাহবাগ মোড়ে সমাবেত শিক্ষার্থীদেরকে রাস্তা ছেড়ে দিতে বারংবার অনুরোধ করা হয়। তথাপিও তারা রাস্তা বন্ধ করে সমাবেশ অব্যাহত রাখে এবং দুপুর অনুমান ১:৩০ ঘটিকায় তারা বেআইনি জনতাবদ্ধে মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে রওনা করে ডিবিবিএল ফোয়ারার সম্মুখে অবস্থান নেয়। একপর্যায়ে তারা যমুনায় প্রবেশে উদ্যত হলে অবৈধ সমাবেশকে পুলিশ আইনগতভাবে ছত্রভঙ্গ করে। এসময় উশৃঙ্খল জনতার মারমুখী আচরণ এবং তাদের ছোড়াঁ ইটপাটকেলের আঘাতে ডিএমপি’র রমনা বিভাগের ডিসি মাসুদ আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজোয়ানুল ইসলাম (৩৭), এসআই তৌহিদুল ইসলাম, এএসআই ফরহাদ আলী (২৯), কনস্টেবল আদিব (২২), কনস্টেবল আমিনুল ইসলাম (২০) ও কনস্টেবল শ্রাবণ (২০) আহত হন। তাদের মধ্যে তৌহিদুল ইসলাম ও আদিবের অবস্থা গুরুতর। আহত পুলিশ সদস্যরা বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জনসাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইতোপূর্বে প্রেস বিজ্ঞপ্তিসহ বিভিন্ন মিডিয়ায় বারংবার অনুরোধ করা হয়েছে। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে এরূপ কর্মসূচি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হলো।





