তাইওয়ানের একটি হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬ জন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবরে একথা বলা হয়েছে।
খবরে বলা হয়, সোমবার নিউ তাইপেই সিটি’র ওয়েইফু হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে স্থানীয় সময় ভোর ৪:৩৬ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত্র ঘটে।
অগ্নিকাণ্ডে রোগী ও হাসপাতালের কর্মীসহ মোট ১৬ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুত্বর। ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের একটি ‘চলনশীল বেড’-এ বৈদ্যুতিক ত্রুটি ছিল। সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
স্থানীয় গণমাধ্যম আরো জানায়, হাসপাতাল থেকে ৩৩ জন রোগী ও তিনজন কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালিত গণমাধ্যম সিএনএ বলেছে, যে ওয়ার্ড থেকে আগুনটি ছড়িয়ে পরে, সেটিতে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিলো না।





