ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ তানজিলা নামে ২৬ বছর বয়সী এক নারীর পরিবারের সন্ধান চেয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬ খ্রি.) বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যাব কোর্ট এলাকায় এক নারীকে পাওয়া যায়। পরে ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের নাম “তানজিলা” ছাড়া অন্য কোনো সঠিক পরিচয় বা ঠিকানা বলতে পারেননি। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট তাকে বিমানবন্দর থানায় নিয়ে আসেন।
বিমানবন্দর থানা পুলিশও ওই নারীর নাম-ঠিকানা জানার চেষ্টা করলে তিনি উল্লেখিত নাম ছাড়া আর কোনো তথ্য দিতে পারেননি। তার গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। উদ্ধারকালে তার পরনে কালো বোরকা ও কফি রঙের উড়না ছিল।
পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশ তাকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে তিনি তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ৭৩৮; তারিখ: ১৩/০৬/২০২৬ খ্রি।
কোনো সহৃদয় ব্যক্তি যদি তানজিলার পরিবারের সন্ধান বা তার পরিচয় সম্পর্কে তথ্য জেনে থাকেন, তাহলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।





