আবারও একসঙ্গে গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও বাঁধন সরকার পূজা। ‘একটাই তুমি’ শীর্ষক রোমান্টিক ঘরনার গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। এর সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। নতুন বছরের অন্যতম বড় চমক হিসেবে তাহসান ও পূজার এ গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) ।
সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে ‘একটাই তুমি’ গানটির ভিডিও। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ)। ডিওপি হিসেবে ছিলেন রাজু রাজ। কর্পোরেট লাভারের বিভিন্ন পাগলামী দেখা যাবে গানের ভিডিওতে। শহরের বিভিন্ন বাসস্টপে চলন্ত বাসে ভিডিও ধারণ ছিলো অনেকটাই চ্যালেঞ্জিং। এমনটাই জানালেন ভিডিও নির্মাতা। এতে মডেল হিসেবে দেখা যাবে শার্লিনা এবং সুমিতকে।
গানটি প্রসঙ্গে তাহসান বলেন, পূজার সাথে এর আগেও আমার কাজ হয়েছে। চমৎকার গানের গলা তার। আর গানটিও দু’জনের কণ্ঠ অনুযায়ী তৈরি করেছেন গানের সাথে সংশ্লিষ্ট সবাই। এক কথায় অসাধারণ। ভালো লাগবে দর্শক- শ্রোতার।
পূজা বলেন, তাহসান ভাইয়া আমার অনেক পছন্দের শিল্পী। তার সঙ্গে আবারও গান করতে পেরে ভালো লাগছে। সব মিলিয়ে বলব, গতানুগতিক ধারার বাইরের কাজ হয়েছে এটি। ভিডিওটিও চমৎকার একটি গল্পে নির্মিত হয়েছে। আশা করছি গানটি দর্শক- শ্রোতাদের ভালো লাগবে।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সুত্রে জানা যায়, ৪ জানুয়ারী তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি। পাশাপাশি শ্রোতারা শুনতে পাবেন জিপি মিউজিক, ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।





