ডিএমপি নিউজ: রাজধানীতে মোটরসাইকেল চুরির তিন মামলায় ৩টি মোটরসাইকেল উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রাজু হোসেন ও মোঃ রাসেল ওরফে হৃদয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধারাবাহিক অভিযান চালিয়ে কাফরুলের তালতলা ও মিরপুরের ৬০ ফিট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কাফরুল থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল আলম ডিএমপি নিউজকে বলেন, একটি মোটরসাইকেল চুরির ঘটনায় গত ১৫ মে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে চুরি মামলা রুজু হয়। এরপর আশপাশের সিসিটিভি পর্যালোচনা ও গোপন তথ্যের ভিত্তিতে রাজু হোসেনকে কাফরুলের তালতলা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। রাজুর দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের ৬০ ফিট এলাকায় অভিযান চালিয়ে রাসেল ওরফে হৃদয়কে গ্রেফতার করা হয়। এ সময় হৃদয়ের কাছ থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ বলেন, গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চুরির সাথে জড়িত মর্মে স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে।




