ডিএমপি নিউজ: রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে এক তালিকাভুক্ত মোবাইল ফোন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো মো: সাদ্দাম।
ডিএমপি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন পিপিএম (বার)।
তিনি বলেন, গতকাল গভীর রাতে তেজগাঁও থানার কারওয়ান বাজার পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম মূলত গাড়ির জানালার পাশে বসা যাত্রীদের মোবাইল ছিনতাই করে। সে পেশায় ভ্যান চালক। এই ভ্যান চালনার ফাঁকে সে ঢাকার বিভিন্ন ব্যস্ততম সড়কে যানজটে আটকে থাকা গণপরিবহনের আশপাশে ওত পেতে থাকে। এরপর জানালার পাশে বসা কেউ ফোনে কথা বললে ছোঁ মেরে তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রতিদিন সে একটি করে মোবাইল ছিনতাই করে। এরপর তা বিক্রি করে দেয়। বাসায় ফিরে ছিনতাইকৃত মোবাইল বিক্রির টাকা দিলেও সবাই মনে করে এগুলো ভ্যান চালানোর টাকা। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, সাদ্দাম মোবাইল ছিনতাই করার বিষয়টি স্বীকার করেছে। তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতকে তেজগাঁও থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।




