উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে উঠে গেল লিভারপুল। বুধবার রাতে দ্বিতীয় লেগে পোর্তোর মুখোমুখি হয় অলরেডসরা। আর ম্যাচে লিভারপুলের কাছে পাত্তাই পেলো না পোর্তো। ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে পর্তুগিজ ক্লাবটি।
ম্যাচের ২৬ মিনিটে মোহাম্মদ সালাহ’র বাড়ানো বল গোলমুখোর খুব কাছ থেকে পেয়ে যান সাদিও মানে। ডান পায়ের আলতো টোকায় বল পাঠিয়ে দেন জালে। তবে গোলটি প্রথমে অফ সাইডের কারণে বাতিল করা হয়। পরে ভিডিও রেফারির সহায়তায় গোলটি সঠিক বলে সিদ্ধান্ত দেওয়া হয়।
ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় স্বাগতিক পোর্তো। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল। বিরতির পর ৬৫ মিনিটে আলেক্সান্ডার আরনল্ডের বাড়ানো বল পেনাল্টি ডিবক্সের খানিক ভেতরে পেয়ে যান সালাহ। এগিয়ে আসা সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ক্যাসিয়াসকে একা পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি এই স্ট্রাইকার।
খানিকবাদে ৬৮ মিনিটে এডার মিলিতাওয়ের গোলে ব্যবধান কমায় স্বাগতিক পোর্তো। ৭৭ মিনিটে পেনাল্টি ডিবক্সে ডান পাশ দিয়ে হেন্ডারসনের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন লিভারপুলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।
পোর্তোর জালে শেষ গোলটি করেন ভ্যান ডাইক। ৮৪ মিনিটে কর্নার থেকে পাওয়া বল সাদিও মানে হেড দিয়ে গোল মুখের খুব কাছে পাঠিয়ে দেন। সেখান থেকে আরও একটি হেড দিয়ে গোল করেন ভ্যান ডাইক। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে এফসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল ইংলিশ জায়ান্ট লিভারপুল। ফলে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলের বড় জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লিভারপুল।
৩০ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে মেসির বার্সেলোনার মুখোমুখি হবে সালাহর লিভারপুল।





