একটি নয়, দুটি নয়- ডজনখানেক সিংহ। রাজা মহামন্ত্রীসহ পুরো সভাসদই ছিল। জরুরি কোনো অভিযানেই হয়তো বহর নিয়ে যাচ্ছিলেন রাজামশাই। দিব্যি ভাবগম্ভীর পরিবেশে রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা ফাঁকা পেয়ে সাঁই সাঁই করে ছুটে চলা কোনো গাড়িচালকের সামনে যদি পড়ে এমন দৃশ্য, তাহলে!
হ্যাঁ, এমনটিই ঘটেছে গত শনিবার ভারতের গুজরাটের আমরেলি এলাকার পিপাভাব-রাজুলা মহাসড়কে। প্রায় এক ডজন সিংহ হেলেদুলে অন্ধকারে নির্বিকারভাবে মহাসড়ক পার হচ্ছিল। মোটরবাইক কিংবা চার চাকার গাড়ি যাই হোক- হেড লাইটে দৃশ্যটি ধারণের সাথে সাথেই থেকে যায় সেসব যান। ফাঁকা রাস্তায় মুহূর্তেই সৃষ্টি হয় যানজট। ওই ঘটনার ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন ঘটনাস্থলে থাকা একজন গাড়িচালক। পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ‘ভিডিও চিত্রে দেখা গেছে, এক ডজন সিংহ হেলেদুলে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী গাড়িগুলো হঠাৎ করেই থেমে যায়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী খুবই বিপজ্জনক অবস্থায় সিংহের একদম কাছে দাঁড় করান। এভাবে বেশ কিছু গাড়ি থেমে যাওয়ায় সৃষ্টি হয় যানজট।
প্রায় ১৫ মিনিট ধরে রাস্তা পার হয় সিংহের দলটি। এ সময় একটি বেয়াড়া সিংহ পেছনে ফিরে যাওয়ার চেষ্টা করলেও পরে সে অন্যদের পেছন পেছন রাস্তা পার হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়, ওই এলাকার সড়ক দিয়ে প্রায়ই সিংহ চলাচল করে। এ কারণে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় মারাও যায় অনেক সিংহ।





