ডিএমপি নিউজ রিপোর্ট: চলতি বোরো মৌসুমে সরাসরি সরকার কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ২৪ টাকা , চাল ৩৪ টাকা ও গম ২৮ টাকা দরে কিনবে।
রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় । খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী ২ মে থেকে ৩১ অগাস্ট পর্যন্ত ২৪ টাকা কেজি দরে ৭ লাখ টন ধান ও ৩৪ টাকা দরে ৮ লাখ টন চাল কেনা হবে আর ২৮ টাকা কেজি দরে এক লাখ টন গম কেনা হবে।
খাদ্যমন্ত্রী বলেন, “কৃষকদের আমরা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পেমেন্ট করব, যাতে সরাসরি সেই মূল্যটা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়, কোনো রকম যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম না থাকে।”
মন্ত্রী বলেন, ৮ লাখ টন চালের মধ্যে ৩৩ টাকা কেজি দরে এক লাখ টন আতপ চাল কেনা হবে।
অসময়ে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও নেত্রকোণায় হাওরের কৃষকদের ক্ষতি হওয়ায় তাদের ওএমএসের মাধ্যমে চাল ও আটা দেওয়া হচ্ছে জানিয়ে কামরুল বলেন, এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচি চলমান আছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা সভায় উপস্থিত ছিলেন।



