নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে একটি জনপ্রিয় ক্যাম্পসাইটে বিলুপ্ত আগ্নেয়গিরি মাউন্ট মাউঙ্গানুই থেকে ধসে পড়া মাটি ও পাথরের নিচে চাপা পড়া নিখোঁজদের খুঁজে বের করতে জরুরি উদ্ধারকারী দলগুলো তীব্র তৎপরতা চালাচ্ছে। ২৩ জানুয়ারি শুক্রবার গভীর কাদা খুঁড়ে অনুসন্ধান অভিযান অব্যাহত রাখা হয়েছে, যা বৃহস্পতিবারের ভয়াবহ ভূমিধসের পর শুরু হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাস্থলে ক্যাম্পসাইটটি কাদা ও ধ্বংসাবশেষে ঢেকে গেছে। কর্তৃপক্ষের তথ্যমতে, নিখোঁজদের মধ্যে একজন কিশোরী রয়েছে। ভূমিধসের ফলে শাওয়ার ব্লক ভেঙে পড়ে এবং ক্যাম্পার ভ্যান ও কারাভ্যানগুলো ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ জানিয়েছে, নিখোঁজের সংখ্যা নিশ্চিত নয়, তবে এটি এক অঙ্কের মধ্যে সীমাবদ্ধ বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার ঠিক পরপর ধ্বংসস্তূপ থেকে সাহায্যের আর্তনাদ শোনা গেলেও পরবর্তীতে কোনো শব্দ পাওয়া যায়নি। উত্তর দ্বীপে ভারী বৃষ্টির পর এই ধস ঘটে, যা ক্যাম্পসাইটটিকে সম্পূর্ণরূপে আচ্ছাদিত করে। উদ্ধারকর্মীরা তিনটি যান্ত্রিক খননযন্ত্র ব্যবহার করে সারা রাত অনুসন্ধান চালান। সকালে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়, যখন পুলিশ ফটোগ্রাফারদের ডাকা হয় এবং একটি লাশবাহী গাড়ি ঘটনাস্থল ছাড়ে।
সড়কের ওপার থেকে প্রায় দুই ডজন স্বজন উদ্ধার কার্যক্রম দেখছেন। বিধ্বস্ত যানবাহনগুলো কাদা থেকে টেনে বের করে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সির সহকারী জাতীয় কমান্ডার ডেভিড গার্ড বলেন, “আমরা একটি জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছি। ধীরে ও সতর্কতার সঙ্গে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। নিখোঁজদের খোঁজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
গ্রীষ্মকালে হাইকার ও সৈকতপ্রেমীদের কাছে মাউন্ট মাউঙ্গানুই একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এদিকে, বৃহস্পতিবার কাছাকাছি টাউরাঙ্গা বন্দরনগরীতে একটি বাড়িতে পৃথক ভূমিধসে দুটি লাশ উদ্ধার করা হয়েছে।
কানাডীয় পর্যটক ডিয়ন সিলুচ (৩৪), যিনি ক্যাম্পসাইটে ছিলেন, বলেন, ভূমিধসের সময় তিনি কাছের মাউন্ট হট পুলস কমপ্লেক্সে ম্যাসাজ নিচ্ছিলেন। “পুরো কক্ষ কেঁপে উঠেছিল,” তিনি এএফপিকে জানান। বাইরে এসে দেখেন, একটি কারাভ্যান পুলের ভেতরে পড়ে আছে এবং কাদার ঢল তার থেকে মাত্র ৩০ ফুট দূরে থেমেছে। তিনি আরও উল্লেখ করেন, এক ঘণ্টা আগে আরেকটি ছোট ধস দেখলেও তা গুরুত্ব দেননি।
এই ঘটনা নিউজিল্যান্ডের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ভারী বৃষ্টির ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না সবাইকে খুঁজে পাওয়া যায়।
তথ্য সূত্র : বাসস




