রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ৬ বছর বয়সী এক ছেলে শিশুর পরিচয় জানতে সহায়তা চেয়েছে ভিকটিম সাপোর্ট সেন্টার। গায়ের রং কালো, উচ্চতা প্রায় ৩ ফুট ৫ ইঞ্চি। পরনে ছিল কালো, সাদা ও কাঠালী রঙের প্রিন্টের গেঞ্জি। গলায় কালো সুতা ছিল এবং পরনে কোনো প্যান্ট ছিল না।
ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় কদমতলী থানাধীন শ্যামপুর বিকাশ বিল্ডিং গলিতে শিশুটিকে একা একা ঘোরাফেরা করতে দেখা যায়। পরে স্থানীয় জনৈক মোঃ মহসীন মিয়া শিশুটিকে কদমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে শিশুটির পরিচয় জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হলেও সে তার নাম-ঠিকানা বা অভিভাবকের কোনো তথ্য জানাতে পারেনি। এ ঘটনায় কদমতলী থানায় জিডি নং-৩৬৩, তারিখ-০৫/০৯/২০২৬ খ্রিস্টাব্দ মূলে সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমানে শিশুটিকে নিরাপদ হেফাজতের জন্য তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির পরিবারের সন্ধান পেলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





