সাবেক কোচ হাতুরু সিংয়ের বিদায়ের পর এখনও হেড কোচ নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আসন্ন নিদাহাস ট্রফিতে কোর্টনি ওয়ালশকে প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, ‘এই সিরিজে কোর্টনি ওয়ালশকেই কোচের ভূমিকায় রাখা হয়েছে।’
২০০১ সালে অবসর নেওয়া ওয়ালশের কোচিং ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় দায়িত্ব। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর অনেক নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়ালশের নাম ঘোষণা করে। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ওয়ালশ ক্রিকেট প্রশাসক হিসেবে, নির্বাচক হিসেবে এমনকি সিপিএল-এ পরামর্শক হিসেবে জ্যামাইকার হয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের ম্যানেজার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট স্পর্শ করা প্রথম বোলার ওয়ালশ ১৩২ টেস্টে উইকেট নিয়েছেন ৫১৯টি। ২০৫ ওয়ানডেতে তার শিকার ২২৭ উইকেট।





