ডিএমপি নিউজ : চাকরির নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও বাইরে থেকে সহায়তা করার অভিযোগে এক পরীক্ষার্থী ও একজন সহয়তাকারীকে গ্রেফতার করেছে ডিএমপির গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত পরীক্ষার্থী মোছা: আসমা খাতুন ও সহয়তাকারী মোঃ নাহিদ হাসান।
এজাহারের বরাত দিয়ে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ডিএমপি নিউজকে জানান, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজে সকাল দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের বুকিং সহকারী পদে নিয়োগ পরীক্ষা ছিলো। পরীক্ষা চলাকালে ২০১ নং কক্ষের কক্ষ পরিদর্শক একজনের নিকট একটি ইলেকট্রনিক্স ডিভাইস দেখতে পান। তখন কেন্দ্রের ইনচার্জ ও গেন্ডারিয়া থানা পুলিশের সহায়তায় ওই পরীক্ষার্থীকে আটক করে একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় একটি মামলা রুজু হয়।
অফিসার ইনচার্জ বলেন, ওই পরীক্ষার্থীর দেওয়া তথ্য মতে পরদিন গেন্ডারিয়া থানা এলাকা থেকে তাকে পরীক্ষায় সহায়তাকারী নাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। এসময় নাহিদের হেফাজত থেকে পরীক্ষার সহায়তায় ব্যবহৃত একটি ইলেকট্রনিক ডিভাইস, একটি মুঠোফোন ও ডিভাইস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্জিত নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।




