ডিএমপি নিউজ: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশুরহাট কেন্দ্রিক ও সদরঘাট লঞ্চ টার্মিনাল সংলগ্ন আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ এবং ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-লালবাগ বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ জুন ২০২৪) সকাল ১১টায় লালবাগের জনসন রোডের হোটেল স্টার বেকারি এন্ড রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ট্রাফিক-লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আশিক হাসান পিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম।
সভায় ধোলাইখাল পশুরহাট, বাবুবাজার ব্রীজ, বাদামতলী ফল মার্কেট এবং সদরঘাট টার্মিনাল কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে এক সঙ্গে কাজ করার কথা বলেন।
মতবিনিময় সভায় ধোলাইখাল পশুরহাটের ইজারাদার আশফাক আজিম, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী এম এ মান্নান, ঢাকা পরিবহন সমিতির সদস্য আশরাফুল ইসলাম, ইসলামপুর বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শভজল, পণ্য পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দসহ ট্রাফিক লালবাগ বিভাগের কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার, টিআইগণ ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।




