ডিএমপি নিউজ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগ ও ক্রাইম বিভাগের সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান বিপিএম (বার), পিপিএম (বার)।
সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) যাত্রাবাড়ী চৌরাস্তা, কুতুবখালী, বিক্রমপুর প্লাজা ও জুরাইনে রাস্তা থেকে হকার ও অস্থায়ী দোকানপাট ক্রাইম বিভাগের সহায়তায় উচ্ছেদ ও ঈদ পরবর্তী সময়ে কমিউনিটি ট্রাফিক পুলিশী ব্যবস্থা করতে নির্দেশনা প্রদান করেন।

সভায় যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন জায়গায় রাস্তায় খানাখন্দের কারণে যানজট সৃষ্টি, ময়লার গাড়ি উল্টো পথে এসে যানজট সৃষ্টি, হানিফ ফ্লাইওভারের উপরে বিদ্যমান সিসি ক্যামেরা নিয়মিত মনিটরিং, সুলতানা কামাল ব্রিজ থেকে দেড় টনের অধিক বড় গাড়ি নিষিদ্ধ সময়ে এক্সপ্রেসওয়ে দিয়ে মহানগরীতে ঢুকে পড়া এবং ফ্লাইওভারের যানজট কিভাবে সহনীয় রাখা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুলতানা ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়ারী ট্রাফিক ও অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার ওসি ও ট্রাফিক-ওয়ারী বিভাগের সকল টিআইগণ উপস্থিত ছিলেন।




