বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দৃশ্যমান হয়নি। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাসের গণনা শুরু হচ্ছে। এরপর শাবান মাসের ১৫তম রাত অর্থাৎ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী পালিত হবে পবিত্র শবে বরাত।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভাটি আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম কামাল উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশের জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো (মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান) থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস সালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, প্রধান তথ্য কর্মকর্তা এম নিজামুল কবির, ওয়াকফ প্রশাসনের উপ-প্রশাসক এম আকবর হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ এম মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং বাংলাদেশ টেলিভিশনের পরিচালক এম জহিরুল ইসলাম মিয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
শবে বরাত মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ এক রজনী। এ রাতে মুসলমানরা বিশেষ নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া-ইস্তিগফার, জিকির-আজকারসহ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। এ রাতকে বলা হয় ‘লাইলাতুল বরাত’ বা ক্ষমা ও ভাগ্য নির্ধারণের রজনী।
সকল মুসলমানকে এই পবিত্র রজনীতে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও দোয়ায় মশগুল থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
তথ্যসূত্র : বাসস




