বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্দেশনা অনুসরণের সঠিক পথে রয়েছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে নিরাপত্তা ও ঝুঁকি হ্রাসে বাংলাদেশে আইএ ইএর (IEAE) সহযোগীতা অব্যাহত থাকবে। সোমবার পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে আই ই এ ই মহাসচিব এইচ এম যুকিয়া আমানো সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
যুকিয়া আমানো পরমাণু প্রকল্পের নিরাপত্তায় বাংলাদেশের নেয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে আরো বলেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। আমরা বিশ্বাস করি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ সর্বাধুনিক এবং সেরা অভিজ্ঞতার অনুশীলন করছে। ২০১০ সালে আইএইএর দেয়া শর্ত পূরণে তারা সক্ষম হয়েছে।
জুকিয়া আমানো বলেন, নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের জন্য ঝুঁকি হ্রাস ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে এরকম প্রকল্প করতে গেলে প্রথমেই ঝুঁকি হ্রাস বিষয়ে চিন্তা করতে হয়। বাংলাদেশ সরকার সবসময় আমাদের কাছে আসছে এবং তারা তাদের জনগণকে কিভাবে সর্বাধিক ঝুঁকি হ্রাস ও নিরাপত্তা নিশ্চিত করে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারে, সে বিষয়ে অবগত হচ্ছে। আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পথ দেখিয়েছি।
আইএইএ এর মহাপরিচালক মি. জুকিয়া আমানো বলেন, আইএইএ’র মিশন বাংলাদেশে কাজ করছে এবং তারা পৃথিবীর সেরা প্রযুক্তি ও অভিজ্ঞতা গুলো বাংলাদেশের সাথে বিনিময় করছে। এই পথে থাকলে বাংলাদেশ সেরা অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে এবং তারা জনগণের জন্য সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে আমরা মনে করি।
তিনি আরো বলেন, বর্তমানে পৃথিবীতে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার একটি হলো নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। আইএইএ’র মাইলস্টোন পর্যায়ক্রমে অনুসরণ করে বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট গ্রহণ করেছে। ২০১০ সালে আইএইএ’র মিশন বাংলাদেশ পরিদর্শনে এসে যে শর্তগুলো দিয়েছিল ওই শর্তগুলো বাংলাদেশ সঠিকভাবে পূরণ করছে এবং আমরা সন্তুষ্ট যে বাংলাদেশ তা সফলভাবে বাস্তবায়নও করছে।
মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান, ভিয়েনার রাষ্ট্রদূত আবু জাফর, বাংলাদেশ আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান ড. নাইয়ুম চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসাইন, প্রকল্প পরিচালক ড. শওকত আকবরসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে প্রকল্পের নিরাপত্তা বিষয়ে সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে এক যৌথ বৈঠকে মিলিত হন আইএইএ মহাসচিব।



