পর্তুগালের মাদেইরা দ্বীপে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৭ জন নারী। এই দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৬টায় সান্তা ক্রুজ মিউনিসিপলিটির নিকটবর্তী কানিসিও শহরের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে যায়। বাসে ৫৫ জন যাত্রী ছিলেন।
ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই জার্মানির নাগরিক। এদিকে পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সোওসা ইতিমধ্যে মাদেইরা দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।





