বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে ‘পুনাক অনামিকা হক লিলি মেধাবৃত্তি ও পুনাক বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ৫১তম ব্যাচের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান-২০২৬ শনিবার সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

পুনাক সভানেত্রী আফরোজা হেলেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের প্রাক্তন সভানেত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অনামিকা হক লিলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনাকের সহ-সভানেত্রী আইরিন রহমান, সহ-সভানেত্রী সাবিলা আওলাদ, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর, যুগ্ম সাধারণ সম্পাদিকা ওয়াহিদা ওয়াহাব এবং রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষে আহমদ সেহেলী নাজনীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকল্যাণ সম্পাদিকা শামীম আক্তার শারফুদ্দিন (শম্পা) ও তার সাথে ছিলেন সমাজকল্যাণ কমিটির সহ-সম্পাদিকা উম্মে কুলসুম মুনমুন এবং রেহানা ফেরদৌসী।
এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি প্রফেসর অনামিকা হক লিলি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে, তোমাদের মধ্যে গভীর দেশপ্রেম থাকতে হবে। জাতির কল্যাণে নারী-পুরুষ সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে। এজন্য নারী-পুরুষের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

পুনাক সভানেত্রী আফরোজা হেলেন বলেন, “তোমরা ভালো ফলাফল করো, আরও বড় হও। পুলিশ পরিবারের মুখ উজ্জ্বল করো এবং দেশের মুখ উজ্জ্বল করো—এটাই আমাদের প্রত্যাশা। একজন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্ব শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয় ; সমাজের সর্বক্ষেত্রে মেধার পরিচয় দিলে সমাজ উপকৃত হয় এবং তার জীবনও সার্থক হয়।”
তিনি আরও বলেন, পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের সম্মান জানাতে এবং তাদের লেখাপড়ায় সহায়তা করতে এ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করতে পেরে পুনাক আনন্দিত। এর মাধ্যমে অভিভাবকদের পাশাপাশি পুনাকও তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির মোট ৩৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে পুনাক বেসিক কম্পিউটার প্রশিক্ষণের ৫১তম ব্যাচের মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুনাকের এই মিলনমেলা সমাপ্ত হয়।
এ ধরনের কর্মসূচির মাধ্যমে পুনাক পুলিশ পরিবারের সন্তানদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে অব্যাহতভাবে ভূমিকা রেখে চলেছে, যা দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।





