ডিএমপি নিউজঃ ইংরেজি নববর্ষ উপলক্ষে জনসমাবেশ বা একসাথে সমবেত হয়ে কোথাও কোন অনুষ্ঠান হচ্ছে না। পুরো শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম-বার।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর,২০২০) রাত ১১.৩০ টায় ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুলশান-২ গোলচত্বরে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, আমরা জীবনের সবচেয়ে দুরূহ সময় পার করছি। এটা একসময় থাকবে না। করোনায় বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকাতে নববর্ষ উদযাপনে যুবকদের উপস্থিতি দেখা যাচ্ছে না। হোটেলগুলোতে ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে। পুরো শহর ব্যাপী ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ে কোন সংশয় নেই, কোন হুমকিও নেই।

তিনি প্রত্যাশা করে বলেন, আমরা যে মহামারির ভিতর দিয়ে সময় পার করছি, নতুন এ বছরে এটা থেকে আমরা নিস্কৃতি পাবো। আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি এবং দেশের উন্নয়নে সবাই মিলে কাজ করতে পারি।




