ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার রাতে ৪-০ গোলে ব্রেন্টফোর্ড এর কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ জিটেক কমিউনিটি স্টেডিয়ামে এরিক টেন হাগের শিষ্যদের রক্ষণভাগকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ব্রেন্টফোর্ড। মাত্র দশম মিনিটেই দারুণ এক দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন স্বাগতিকদের জশ ডাসিলভা। এরপর ঘুরে দাঁড়ানো তো দূরে থাক উল্টো পরবর্তী ২৫ মিনিটে আরও তিন গোল হজম করে ইউনাইটেড।
১৮তম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ দক্ষতায় ব্যবধান দ্বিগুণ করেন মাথিয়াস ইয়েনসেন। এরপর যথাক্রমে ৩০ ও ৩৫ মিনিটে ইউনাইটেডের জাল কাঁপান বেন মি ও ব্রায়ান এমবেউমো। ম্যাচ থেকে আসলে তখনই ছিটকে যান সফরকারীরা। এরপর আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি।
এই নিয়ে টানা ৭ ম্যাচে হারলো ইউনাইটেড; ১৯৩৬ সালের পর এমন লজ্জা পেল তারা। তাছাড়া গত মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত লিগে এ নিয়ে সাতবার ৪ বা তার বেশি গোল হজম করল ইউনাইটেড। অন্যদিকে ব্রেন্টফোর্ড পেল ঐতিহাসিক এক জয়।
আগামী ২২ এপ্রিল ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।ম্যানইউ খেলোয়াড়রা দ্রুত ছন্দে ফিরতে না পারলে শক্তিশালী লিভারপুলের বিপক্ষে ম্যাচের পরিণতিটাও হতে পারে একই রকম।-বিবিনিউজ২৪




