গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আফগানিস্তানের (Afganistan) কাছে হেরে গিয়েছিল দলটা। কিন্তু ক্রিকেট দেবতার আশীর্বাদে সেই শ্রীলংকা সুপার ফোরে একটিও ম্যাচ না হেরে চলে গেল মেগা ফাইনালে। ১১ সেপ্টেম্বর মেগা ফাইনালে শ্রীলংকার সামনে পাকিস্তান (Pakistan)। এর আগে শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে ৫ উইকেটে বাবর আজমের (Babar Azam) দলকে হারিয়ে মহড়া সেরে নিল দাসুন শনাকার (Dasun Shanaka) দল।
পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সমস্যায় পড়ে গিয়েছিল শ্রীলংকা। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল তারা। কিছুটা পরে ২৯ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। সেখান থেকে ম্যাচ ধরে নিজেদের দখলে নিয়ে আসেন পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka)। ৪৮ বলে ৫৫ রান করে পাকিস্তান শিবিরে পাল্টা চাপ ফিরিয়ে দেন তিনি। শেষ দিকে ভানুকা রাজাপক্ষে (Bhanuka Rajapaksa) ১৯ বলে ২৪ ও অধিনায়ক দাসুন শনাকা ১৬ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। ১৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় শ্রীলংকা।
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখান শ্রীলংকার বোলাররা। প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। জয়ের জন্য ১২২ রানের লক্ষ্য তাড়া করতে হতো শ্রীলংকাকে। বল হাতে ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga de Silva)। ২১ রানে তিন উইকেট নেওয়ার পাশাপাশি যিনি ফিল্ডিংয়েও ছিলেন দুরন্ত ছন্দে।
বাবর আজম ২৯ বলে ৩০ রান করেন। ১৮ বলে ২৬ রান মহম্মদ নওয়াজের। শ্রীলংকার বোলিংয়ের সামনে আর কোনও পাক ব্যাটার বলার মতো রান পাননি। ৫ বল বাকি থাকতে, ১৯.১ ওভারেই অল আউট হয়ে যায় পাকিস্তান। ফাইনালের আগে একে অপরকে দেখে নিতে চেয়েছিল দুই দলই। শেষ পর্যন্ত জন্মদিনে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠ ছাড়লেন শনাকা।



