ছবি- সংগৃহীত
ফিলিপাইনের পূর্ব উপকূলে শক্তিশালী সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’ (আন্তর্জাতিক নাম: ম্যান-ই) আজ রাতে আঘাত হানতে যাচ্ছে। ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ফিলিপাইনের আবহাওয়া দপ্তর পাগাসা জানিয়েছে, সুপার টাইফুনটি অরোরা প্রদেশে রাত ৮টা থেকে ১১টার মধ্যে ল্যান্ডফল করতে পারে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ২৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
গত সপ্তাহে টাইফুন ‘কালমায়েগি’তে ২২০ জনের বেশি মানুষ প্রাণ হারানোর পর এই নতুন ঝড় দেশটির জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে। সামার প্রদেশের ক্যাটবালোগান সিটিতে ৬৪ বছর বয়সী এক নারী শনিবার রাতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে বাড়ি ফিরে গেলে ধসে পড়া গাছের নিচে চাপা পড়ে মারা যান। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে তার মরদেহ উদ্ধার করেছেন।
সরকার ঝড়ের আগেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে। লুজন ও ভিসায়াস অঞ্চলে স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। সমুদ্রপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। হাজার হাজার উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ফাং-ওয়ং-এর প্রভাবে ফিলিপাইনের প্রায় পুরো অংশেই ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে।
দেশটিতে বছরে গড়ে ২০টির বেশি ঝড় আঘাত হানে। চলতি বছর এখন পর্যন্ত ছয়টি শক্তিশালী ঝড়ে শত শত মানুষের প্রাণহানি হয়েছে।
তথ্যসূত্র-বাসস অনলাইন পোর্টাল





