ডিএমপি নিউজ : তরুণীর আপত্তিকর ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃত কবিতা আক্তার ওই তরুণীর বাসায় গৃহকর্মী হিসেবে এক সময় কাজ করতো।
গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ধানমন্ডি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গৃহকর্মী কবিতা আক্তারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএমপির সিটিটিসি সূত্র জানায়, গত ২৫ ফেব্রুয়ারি ফেসবুকে ভিকটিমের ভাই দেখতে পান যে, তার ছোট বোনের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার বোনের ছবি এডিট করে অশ্লীল ও আপত্তিকর একাধিক ছবি পোস্ট করা হয়েছে। এ ঘটনায় গত ৪ এপ্রিল আদাবর থানায় মামলা দায়ের করেন ভিকটিমের বড় ভাই। মামলাটি সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে তদন্তের জন্য হস্তান্তর করা হয়। তদন্তকালে দেখা যায় যে, সাবেক গৃহকর্মী কবিতা আক্তার ওই তরুণীর অশ্লীল ও আপত্তিকর ছবি তৈরি করে ফেসবুকে পোস্ট করেছে।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কবিতা আক্তার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানায় ওই তরুণীর বাসায় সে গৃহকর্মী হিসেবে কাজ করতো। তাকে বাসার কাজ থেকে বাদ দেওয়ায় সে ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছে। তার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের বিষয়েও তদন্ত চলছে।
গ্রেফতারকৃত কবিতা আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে।




