বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে সার্জারি, বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, ওপেন হার্ট সার্জারি, কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ রাত ১২টা ১ মিনিটে ‘মুজিব শতবর্ষের লোগো সম্বলিত’ বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় গৃহীত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এরপর মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডীনবৃন্দ, শিক্ষকবৃন্দ, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দকে সঙ্গে নিয়ে বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
উপাচার্য বহির্বিভাগে সকাল ৮টায় রোগীদের হাতে টিকেট তুলে দেয়ার মাধ্যমে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কার্যক্রম, বিনামূল্যে ল্যাবরেটরি সেবা প্রদান কার্যক্রম ও কেবিন ব্লকে ফ্রি সার্জারি সেবা কার্যক্রম, সকাল ৯টা ৩০ মিনটে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরের পাশে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা কার্যক্রম, এরপর এই বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত¡রে শিশুদের অংশগ্রহণে স্বল্প পরিসরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করেন।

সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ ডা. মিলন হলে শিশু অনুষদের বিভিন্ন বিভাগের সেবাপ্রাপ্ত শিশু ও তাঁদের অভিভাবকদের অংশগ্রহণে অভিজ্ঞতা ও মতামত বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। কর্মসূচীর মধ্যে আরো ছিল দুপুর ১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুর দেড়টায় বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল। এছাড়াও গতকাল মঙ্গলবার রাত ৮টায় জাতির পিতার শততম জন্মবার্ষিকীতে ১০০ পাউন্ডের কেক কাটার অনুষ্ঠান কর্মসূচিতে ছিল।
দিনব্যাপী ফ্রি সার্জারি বা বিনামূল্যে অপারেশন কার্যক্রমে এনেসেথেশিয়া বিভাগের সহায়তায় জেনারেল সার্জারি, নিউরোসার্জারি, অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি, অবস এন্ড গাইনী, হেপাটোবিলিয়ারি সার্জারি, কার্ডিয়াক সার্জারি, অর্থোপেডিক সার্জারিসহ সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ৫৯ রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করেন বিশেষজ্ঞ সার্জনবৃন্দ।
বহির্বিভাগে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের আওতায় মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগে ৩ হাজার ৩শ ২২ জন রোগী, সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ২০৩০ জন রোগী এবং ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে ২২০ জনসহ ৫৫৭২ জন রোগী সেবা গ্রহণ করেন। বিনামূল্যে ল্যাবরেটরি পরীক্ষা-নীরিক্ষাসমূহ ও রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের আওতায় বিভিন্ন ধরণের ৮ শতাধিক পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের আওতায় ২০ ব্যাগ রক্ত সংগ্রহ ও বিনামূল্যে পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এসকল কর্মসূচীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান প্রমুখসহ বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানগণ, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মুজিব শতবর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বছরব্যাপী নানান কর্মসূচী হাতে নেয়া হয়েছে।




