ডিএমপি নিউজ: বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনে বাংলাদেশ, কেনিয়া, উগান্ডা ও পোল্যান্ড কাবাডি দল জয়লাভ করেছে।
আজ শুক্রবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বিকালে মোট চারটি ম্যাচ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ৪৬ -৩১ পয়েন্টে নেপালকে এবং উগান্ডা ৪১-৩৬ পয়েন্টে জাপানকে হারিয়েছে। অপর দুই ম্যাচে কেনিয়া ৩৩-৩২ পয়েন্টে থাইল্যান্ডকে এবং পোল্যান্ড ৫০-৩০ পয়েন্টে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়লাভ করে।

প্রসঙ্গত, ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। করোনা মহামারীর কারণে সে সময় নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, পোল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশসহ পাঁচ দেশ অংশগ্রহণ করে।

২০২২ সালে দ্বিতীয় আসরে নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, ইংল্যান্ড, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ আটটি দেশ অংশগ্রহণ করে। ২০২৩ সালে তৃতীয় আসরে অংশগ্রহণ করেছিল রেকর্ড ১২টি দেশ। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের গণ্ডি পেরিয়ে টুর্নামেন্টের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিল দক্ষিণ আমেরিকা মহাদেশেও। টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাবাডি দল। তৃতীয় আসরে অংশ নেওয়া দেশগুলো ছিল আর্জেন্টিনা, ইংল্যান্ড, পোল্যান্ড, কেনিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।
আন্তর্জাতিক আঙিনায় সারা জাগানো এ টুর্নামেন্ট এখন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের বর্ষপঞ্জিতে বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশের এ আসরটি বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হচ্ছে।

গেল তিনটি আসরের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও শিরোপায় চোখ রেখে ৮ ফেব্রুয়ারি থেকে অব্যহত প্রস্তুতি নেন স্বাগতিকরা। প্রথম আসরে কেনিয়াকে হারিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ। এরপর ২০২২ সালেও সেই কেনিয়াকে ফাইনালে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। ২০২৩ আসরে চাইনিজ তাইপেকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

গত রবিবার (২৬ মে) স্বাগতিক বাংলাদেশ-কোরিয়া ম্যাচের মধ্য দিয়ে জমকালো আয়োজনে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের পর্দা ওঠে।




