পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শুধু স্বাধীন বাংলাদেশের স্বপ্নই দেখেন নি, বরং সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখতেন। তাই যুদ্ধবিধ্বস্ত দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে শিক্ষা কমিশন গঠন, অবৈতনিক শিক্ষাসহ নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। বঙ্গবন্ধু মানে ইতিহাস, বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ। মুজিব বর্ষেই হোক-শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের স্বপ্ন পূরণের প্রতিপাদ্যে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর “মুজিব মানে বাংলাদেশ” শীর্ষক আলোচনা এক সভায় তিনি এ কথা বলেন। প্রফেসর ড.আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।
অনুষ্ঠানে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের নাম চিরদিন অম্লান হয়ে থাকবে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। নইলে আমরা এমপি, মন্ত্রী কিছুই হতে পারতাম না। কিছু মানুষ মরে গেলেই সব শেষ হয়ে যায় কিন্তু বঙ্গবন্ধু তার কর্মেই অমরত্ব লাভ করেছেন। তাই বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের নাম চিরদিন অম্লান হয়ে থাকবে। বাংলাদেশের প্রতিটি ধুলিকণার সাথে বঙ্গবন্ধুর নাম মিশে আছে। আমাদের আগামী প্রজন্ম বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশের প্রশ্নে যেনো কোন আপোস না করে সেই শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।


