পবিত্র বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে। উক্ত অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা ০৬:০০ ঘটিকা হতে ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ০৬:০০ ঘটিকা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করা হলো।
পবিত্র বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।





