
বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের আয়োজনে বাংলাদেশ পুলিশ (পুরুষ ও নারী) ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাজধানীর গেন্ডারিয়ায় ঢাকা জেলা পুলিশ লাইন্সের মিল ব্যারাকে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি, পিবিআই প্রধান ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা কামাল, বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক আহসান উদ্দিন সামীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিবিআই প্রধান বলেন, বাংলাদেশ পুলিশ কাবাডি ও হ্যান্ডবলসহ বিভিন্ন খেলায় সুনাম অর্জন করেছে। একজন প্রকৃত খেলোয়াড় কখনো মাদকাসক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারে না। বাংলাদেশ পুলিশের ভলিবল দলকে আরও দক্ষ ও শক্তিশালী করতে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া একজন দক্ষ পেশাদার কোচ নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশের ভলিবলের হারানো গৌরব পুনরুদ্ধার সম্ভব। ফাইনাল খেলা বাংলাদেশ ভলিবল ফাউন্ডেশন স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন এবং খেলোয়াড়দের সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরআরএফ ঢাকার কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তার, পিপিএম, এআইজি (স্পোর্টস অ্যান্ড কালচার) পুলিশ সুপার মোঃ ইসমাইল হোসেন, ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন।
এছাড়াও ঢাকা ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) কমান্ড্যান্ট ডিআইজি হাবিবুর রহমান খাঁন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডিএমপি ও আরএমপি দলের মধ্যে একটি প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।





