শনিবার (২০ সেপ্টেম্বর) আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সের বাংলাদেশ পুলিশ সুইমিং কমপ্লেক্সে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতাটি ১০ সেপ্টেম্বর শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর সমাপ্ত হয়। এতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের দলগুলো অংশগ্রহণ করে। এবারের চ্যাম্পিয়নশিপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নারী ও পুরুষ উভয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় ডিএমপির সোহাগ হোসেন আরিফ এবং শাকিবা জান্নাত শাম্মী শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) বাহারুল আলম,বিপিএম। তিনি বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সরওয়ার, বিপিএম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এপিবিএন-এর অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি মো: আলী হোসেন ফকির। এছাড়াও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এপিবিএন-এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।




