ডিএমপি নিউজ : রাজধানীর বাড্ডা থেকে পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের অন্যতম এক সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ পারভেজ (২৯)।
সোমবার (২১ অক্টোবর ২০২৪) রাত ১০টায় উত্তর বাড্ডার হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু, ১টি ছুরি ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, উত্তর বাড্ডার হাজিপাড়া পানির পাম্পের পশ্চিম পাশের বালুর মাঠে কয়েকজন লোক ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। এমন সংবাদ পেয়ে তৎক্ষণাৎ সেখানে অভিযান চালায় বাড্ডা থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পারভেজকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা অন্য দুইজন সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত পারভেজ এবং পলাতক মোঃ শফিক হাওলাদার (২৯) ও ফয়সাল (২৩) এর বিরুদ্ধে বাড্ডা থানায় আজ (২২ অক্টোবর) একটি মামলা রুজু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত পারভেজ পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে বাড্ডা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাই করে আসছে। গ্রেফতারের সময় সে ও অন্য দুই সদস্য উক্ত স্থানে সমবেত হয়ে উত্তর বাড্ডাসহ আশেপাশের এলাকায় ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল।
উল্লেখ্য, গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে বাড্ডা, ভাটারা ও গুলশান থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির চেষ্টা ও হত্যা চেষ্টার ১২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে বাড্ডা থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ছিনতাইয়ের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




