দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে অভিজ্ঞতার মানদণ্ড আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অভিজ্ঞ কর্মকর্তাদেরও এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে নিয়োগের পথ উন্মুক্ত করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, এমডি পদের যোগ্যতা অর্জন করতে হলে প্রার্থীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে সম্মিলিত বা এককভাবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পূর্বের নির্দেশনায় যেকোনো নিকটবর্তী ঊর্ধ্বতন পদে দুই বছরের অভিজ্ঞতাই যথেষ্ট ছিল। নতুন সার্কুলারের মাধ্যমে সেই অস্পষ্টতা দূর করে অভিজ্ঞতার মানদণ্ড আরও স্পষ্ট ও কঠোর করা হয়েছে।
তাছাড়া সার্কুলারে এমডি পদের জন্য একটি নতুন বিকল্প যোগ্যতার শর্ত যুক্ত হয়েছে। ব্যাংকিং বা আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির বা সমমানের সিনিয়র পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা, এবং একই সঙ্গে জাতীয় বেতন স্কেলের গ্রেড-২ পদে কর্মঅভিজ্ঞতা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি এমডি পদে মনোনীত হতে পারবেন।
ফলে এবার প্রথমবারের মতো নিয়ন্ত্রক সংস্থার অভিজ্ঞ ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে নিয়োগের সুযোগ তৈরি হলো। এর আগে ২০২৪ সালের সার্কুলারে এ সুযোগ রাখা হয়নি। পাশাপাশি পূর্বের নির্দেশনায় ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন পর্যায়ে মোট ২২ বছরের অভিজ্ঞতার শর্ত ছিল।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকের নেতৃত্বে আরও পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের নিশ্চয়তা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





